Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেন্টমার্টিনে প্লাস্টিক নিষিদ্ধ ও পর্যটক নিয়ন্ত্রণে আসছে কর্মপরিকল্পনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৫:২৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১৭:৫৭

ঢাকা: প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত্রিযাপনে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা আগামী ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’-এর ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা জানান।

উপদেষ্টা রিজওয়ানা হাসানা বলেন, ‘সেখানে যারা হোটেল ও জাহাজ চালান তারা একমত হয়েছেন যে, সেখানে একবার ব্যবহারযোগ্য কোনো প্লাস্টিক ঢুকতে দেওয়াই উচিত নয়। কেউ কেউ এমনও বলেছেন যে, চানাচুর, চিপস, আচার- এগুলো ওখানে ঢুকতে দেওয়াই উচিত না।’

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘তাদের সঙ্গে আরেকটা আলোচনা হয়েছে, সরকারি পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। সেগুলো ঐক্যমতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। আমরা যদি সেগুলো বাস্তবায়ন করতে চাই তাহলে সেখানে তাদের বক্তব্য কী? তারা আমাদের বলেছেন, তাদের যে বাকি সদস্য রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আগের সরকার তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে ওই সিদ্ধান্তগুলো নিয়েছিল।’

রিজওয়ান হাসান বলেন, ‘আমরা তাদের বলেছি, সরকারি সিদ্ধান্ত ছিল সেন্টমার্টিনে পর্যটকদের রাতে থাকতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত ছিল নির্দিষ্ট সংখ্যকের বেশি পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না। এখানে তাদের বক্তব্য কী? তারা একমত হয়েছেন যে, সেখানে পর্যটক নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু সংখ্যাটা কী হবে, সেটা তারা তাদের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন।’

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, ‘পর্যটন বিভাগেরও এ বিষয়ে বক্তব্য আছে। জাহাজ যারা চালান তাদেরও একটা বক্তব্য আছে। আমরা হোটেল মালিক ও সেখানকার জাহাজ মালিকদের মতামত পাব। সেখানে পর্যটকদের রাত্রিযাপন এবং পর্যটকের সংখ্যা সীমিত করার বিষয়ে তারা তাদের মতামত ১৫ অক্টোবরের মধ্যে জানাবেন। এরপর সরকারি সংস্থার সঙ্গে কথা বলে আশা করি ২০ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনাটা নিতে পারব।’

সেন্ট মার্টিনে যে প্রচুর সংখ্যক কুকুর রয়েছে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তার আগে সোমবার সচিবালয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন।

সারাবাংলা/জেআর/পিটিএম