Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৮:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ২৩:১২

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ প্রতিষ্ঠানটির সকল সদস্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তারা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন। পিএসসির জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান সারাবাংলাকে জানান, আগেই চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার দুপুরের দিকে তারা একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন। অনুপস্থিত থাকায় দু’জন সদস্যের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে জমা হয়নি বলে জানান তিনি।

২০২০ সালের ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পান তিনি, ২০১৯ সালের ৩০ জানুয়ারি সিনিয়র সচিব হন।

বিজ্ঞাপন

এর আগে, সোহরাব হোসাইন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। সোহরাব শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। সম্প্রতি পিএসসি সংস্কারের দাবিও জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা।

গত শনিবার (৫ অক্টোবর) পিএসসি সংস্কার করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের গুরুত্বের কথা ভুলে গেলে চলবে না।’

সারাবাংলা/জেআর/পিটিএম