বিয়েটা ঠিক ছিল জাতীয় দলে সুযোগ পাওয়ার অনেক আগেই। ইংল্যান্ড পেসার অলি স্টোন হয়তো তখন কল্পনাও করেননি, তার এই বিয়ের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েও খেলতে পারবেন না! পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে ঘটেছে ঠিক এটাই। বিয়ের কারণে পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরছেন অলি।
তিন বছর পর ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছিলেন অলি। শ্রীলংকার বিপক্ষে দারুণ পারফর্ম করায় দলের সাথে গিয়েছিলেন পাকিস্তানেও। প্রথম টেস্টের একাদশে না থাকলেও সিরিজের বাকি দুই ম্যাচে খেলার সম্ভাবনা ছিল তার। তবে সিরিজের মাঝেই পড়েছে তার বিয়ের তারিখ। এই তারিখ অবশ্য বেশ কয়েক মাস আগেই ঠিক করা ছিল।
এমন অবস্থায় যেকোনো একটিকে বেছে নিতে হতো অলিকে। শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন বিয়েকেই! অলি জানিয়েছেন, তার হবু স্ত্রী বিয়ের তারিখ বদলাতে চাইলেও তিনি নির্ধারিত দিনেই বিয়ে করতে চেয়েছেন, ‘আমরা যখন বিয়ের তারিখ ঠিক করেছিলাম তখন আমি জাতীয় দলের চুক্তিতেই ছিলাম না। এখন জেস (অলির হবু স্ত্রী) তারিখ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি সেটা চাইনি। সে আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাই আমি নির্ধারিত দিনেই বিয়েটা করব।’
অলিকে সিরিজের মাঝপথে দেশে ফেরার অনুমতি দিয়েছেন ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। দেশে ফেরার কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে অলির।