Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টে নবনিযুক্ত ২৩ বিচারপতির শপথ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১১:৫১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৪

বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি। ছবি: সারাবাংলা

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের এই শপথ অনুষ্ঠান হয়।

এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নবনিযুক্ত বিচারপতিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) হাইকোর্ট বিভাগে ২৩ বিচারপতিকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আইন সচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগদান করেছেন।

আরও পড়ুন- হাইকোর্ট বিভাগে নতুন ২৩ বিচারক নিয়োগ

নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি হলেন— মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, বিচারপতিদের এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। সে হিসাবে আজ বুধবার থেকে নবনিযুক্ত বিচারপতিরা নিজ পদে অধিষ্ঠিত হলেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর