Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৫:৫৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৩২

মোবাশ্বের মোনেম

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ অক্টোবর) জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

উল্লেখ্য, ড. মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। পিএসসির সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। কিন্তু বুধবার (৯ অক্টোবর) দুপুর পর্যন্ত পিএসসির দুই সদস্য হেলালুদ্দিন আহমদ ও মোহাম্মদ শফিকুল ইসলাম পদত্যাগ করেননি।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। সম্প্রতি পিএসসি সংস্কারের দাবিও জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা।

গত শনিবার (৫ অক্টোবর) পিএসসি সংস্কার করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের গুরুত্বের কথা ভুলে গেলে চলবে না।

সারাবাংলা/জেআর/ইআ