Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হেলেন’র পর এবার ধেয়ে আসছে ‘মিল্টন’


৯ অক্টোবর ২০২৪ ১৬:১০ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৬:১১

হারিকেন ‘হেলেন’র বিপর্যয় কাটিয়ে উঠতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়টি উপসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন এরই মধ্যে ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক করেছে। সিএনএন বলছে, মিল্টন আরও শক্তিশালী হয়ে মেক্সিকো থেকে ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে। মিল্টন এখন ক্যাটাগরি ৫ এ পৌঁছানোর কাছাকাছি রয়েছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ মাইল বা ২৭০ কিলোমিটার।

ফ্লোরিডায় মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হানে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

বিজ্ঞাপন

মিল্টন প্রায় এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে খারাপ ঝড় হতে পার। ফ্লোরিডার প্রশাসন উপকূলের মিল্টনের সম্ভাব্য হুমকি নিয়ে সতর্ক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ফ্লোরিডার গভর্নর রন ডেসানটিস মঙ্গলবার (৮ অক্টোবর) বলেন, ‘ফ্লোরিডায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দানবীয় এই ঘূর্ণিঝড়ের কবল থেকে স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে নিরাপদ এলাকায় এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’

এদিকে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, এর প্রভাবে মুষলধারে বৃষ্টি, আকস্মিক বন্যা, প্রবল বাতাস ও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া উপকূল ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (৮ অক্টোবর) ফ্লোরিডার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে সতর্ক করেছেন। স্থানীয় প্রশাসন এরই মধ্যে সাধারণ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।