Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের শাস্তি হবে: পার্বত্য উপদেষ্টা

স্পেশাল করেসপনডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০৩:২৮

ঢাকা: রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় যারা জড়িত তাদের যত দ্রুতসম্ভব আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে, পাহাড়ি-বাঙালি বিভেদ তৈরিতে যারা দায়ী, তাদের আইনের আওতায় আনতেই হবে।

বুধবার (৯ অক্টোবর) রাঙামাটিতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও তিনি নির্দেশ দেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও আশপাশে ক্ষতিগ্রস্ত দোকান, বনরূপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রী বিহার উপসনালয় এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ জেআর/এসডব্লিউআর