Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির ১০ থানা পেল নতুন গাড়ি

সারাবাংলা ডেস্ক
১০ অক্টোবর ২০২৪ ১২:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৭

ঢাকা: পুলিশের কাজে গতিশীলতা ফেরাতে ডিএমপির অধীনে থানাগুলোতে ৫০টি গাড়ি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী।

বুধবার (১০ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত থানার সক্ষমতা বাড়াতে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি। এ সময় ডিএমপির ১০ থানায় ১০টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান’র অনন্য উদ্যোগে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন গাড়ি। যারমধ্যে আজ ১০টি গাড়ি হস্তান্তর করা হয়েছে। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশি কর্মকাণ্ডে গতিশীলতা একটি অন্যতম উপকরণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। সে জন্য ডিএমপি কমিশনার মহোদয় নিজস্ব উৎস থেকে ৫০টি নতুন গাড়ি ডিএমপির গাড়ি বহরে যুক্ত করার অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে বুধবার উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় ১০টি গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে।

এই গাড়িগুলো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের কর্মকাণ্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। পুলিশ আরও উদ্যমের সঙ্গে কাজ করবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী।

ডিএমপির ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনের সময় ডিএমপির ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যা মেরামত যোগ্য নয়। এ ছাড়াও যে সকল থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডিএমপির সবগুলো থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে।

অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ