Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও হুইপ ইকবালুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৯

ঢাকা: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগম এবং সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এ দিন দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সরকারি অনুদানের টাকা হাতিয়ে নেওয়া, করোনাকালে ভুয়া প্রশিক্ষণ বিল উত্তোলন, ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টিআর-কাবিখার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধান চলছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সাবেক হুইপ ইকবালুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ইকবালুর রহিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে।

ইকবালুর রহিমও পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে— এমনটি উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

সারাবাংলা/কেআইএফ/টিআর