Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী থেকে শুধু ডিমের খাঁচা নিয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২২:০৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২২:১০

ট্রেনে উঠানো হচ্ছে ডিমের খাঁচা।

রাজশাহী: রাজশাহী থেকে প্রথম দিনে কৃষিপণ্য ছাড়াই ছেড়েছে স্পেশাল ট্রেন। এই ট্রেন শুধু ফাঁকা ডিমের খাঁচা নিয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু হয়েছে এ বিশেষ  ট্রেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

রেল বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। সোয়া ১১টায় রাজশাহী রেল স্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য পরিবহনের জন্য না থাকায় এই বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়।

বিজ্ঞাপন

পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানান, ‘প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা মিলবে এই ট্রেনে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে পড়বে ১ টাকা ৩০ পয়সা এবং রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও ১৫০ কেজি ডিমের খাঁচি পরিবহন করা হয়েছে।

এই কর্মকর্তার দাবি, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি। তবে আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। যদিও কৃষকরা বলছেন, বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহনে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে ট্রেনটি চালু করেছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল অত্যন্ত স্বল্প মূল্যে পরিবহন করা যাবে। এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে- যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।

ট্রেনটি মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা এবং শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করবে।

সারাবাংলা/এসআর