Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাসিকো জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪ ০২:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৮

জোড়া গোলের পর উচ্ছ্বসিত লেভানডস্কি

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সা। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল কাতালানরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল রিয়াল। তবে বার্সার হাইলাইন ডিফেন্সের সুবাদে বারবারই অফসাইডের ফাঁদে পড়েছেন এমবাপে-ভিনিসিয়াসরা। অফসাইডের কারণে ৩১ মিনিটে গোল করেও দলকে এগিয়ে দিতে পারেননি এমবাপে। ভিনিসিয়াসও গোলের সুযোগ নষ্ট করেছেন। বার্সা প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলের কেউই গোল করতে না পারায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ভয়ংকর রূপে মাদ্রিদের উপর চড়াও হয়েছে বার্সা। ৫৪ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন লেভানডস্কি। কাসাডোর দুর্দান্ত এক পাসে বল পেয়ে লুনিনকে পরাস্ত করেন তিনি। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন লেভানডস্কিই। উইং থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লিড দ্বিগুণ করেন তিনি।

৬৬ মিনিটে আবারো এমবাপের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৬৭ মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন লেভানডস্কি। রাফিনহার দারুণ এক পাসে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। লেভানডস্কির শট পোস্টে লেগে ফিরে যায়।

৭৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় অনেকটাই নিশ্চিত করেন লামিন ইয়ামাল। রাফিনহার বাড়ানো বলে ডান পায়ের অবিশ্বাস্য এক শটে গোল করে ইতিহাস গড়েছেন তিনি। এল ক্লাসিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনিই।

৮৪ মিনিটে গোলের তালিকায় নাম লেখান রাফিনহাও। মার্টিনেজের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে লুনিনকে বোকা বানান এই ব্রাজিলিয়ান।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই বাড়ি ফিরছে বার্সা। আজ লা লিগায় ৪২ ম্যাচ পর হারের মুখ দেখল রিয়াল। এই জয়ে ১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান দৃঢ় করল কাতালানরা।

সারাবাংলা/এফএম