ঢাকা: ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে পুলিশের সটগানের গুলিতে আহত চম্পা খাতুন (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত চম্পার পেটে, বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিন। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মারা গেছেন।
এর আগে, বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নীট ফ্যাশন কোম্পানি নামের একটি পোশাক কারখানার সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
আহতরা জানান, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপরেই বিপাকে পড়ে কয়েক হাজার শ্রমিক। এ জন্য টানা তিনদিন ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানা কর্মচারীরা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল, গত ৩ মাসের বেতন ভাতা পরিশোধের। তবে কেউ তাতে সাড়া দিচ্ছিলেন না।
তারা আরও জানান, গত বুধবার সকালে যথারীতি আন্দোলনে নামেন তার। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর সটগান দিয়ে গুলি চালায়। এতে চম্পাসহ তিনজন আহত হন।
নিহত চস্পার ভাই মো. স্বপন জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন।