Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আপনারা তো সংবিধান মেনে ক্ষমতায় আসেননি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:২৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২০:০৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা তো সংবিধান মেনে ক্ষমতায় আসেননি। কিন্তু, আপনাদের প্রতি জনসমর্থন রয়েছে। সুতরাং সবকিছুর ব্যাপারে দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে। আপনাদের কাজের গতি যদি কমে যায়, তাহলে জনগণ মনে করবে, আপনারা সঠিকভাবে কাজ করছেন না।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘আপনারা তো বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া একটি সরকার। এই সরকারের সবকিছু যে সংবিধান অনুযায়ী হতে হবে, সেটার তো কোনো দরকার নেই। কারণ, বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে নতুন করে সবকিছু করতে হয়; যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে। সেই প্রচেষ্টার জন্য আপনাদের অনেক কাজ করতে হবে, যেটা বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা তো শেখ হাসিনার সংবিধান। শেখ হাসিনা এই সংবিধানকে কাটাছেঁড়া করে এমন একটি সংবিধান তৈরি করেছে, যেটা এখন বাকশালী সংবিধান, কর্তৃত্ববাদী সংবিধান। তাহলে এই সংবিধানের অজুহাত দিয়ে কেন আপনারা সংস্কার কাজে দেরি করছেন।’

রিজভী বলেন, ‘বাংলাদেশকে যারা পছন্দ করে না, শুধুমাত্র শেখ হাসিনাকে পছন্দ করেন— এই ধরনের কিছু বিদেশি শক্তি এটা চায় না যে, বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হোক, বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকস বাহিনীতে পরিণত হোক। বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, প্রশাসন ভালো হোক, প্রাণবন্ত হোক— এটা তারা চায় না। চায় না বলেই শেখ হাসিনা তাদের খুশি করার জন্য একের পর এক দেশবিরোধী কাজ করে গেছেন।’

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ কৃষকদলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম