Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাধ্যতামূলক অবসরে ২ সচিব, প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২১:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২৩:৪৯

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: সরকারের আরও দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দার।

রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এ সংক্রান্ত আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ১০ নভেম্বর, আরেকটি ৬ নভেম্বর।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আর গত ৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দারের চাকরিকাল যেহেতু ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগের দলীয় প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে আগেও বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবার এই দুই সচিবকে পাঠানো হলো।

সারাবাংলা/জেআর/পিটিএম