Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৩:১৫

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে।

বুধবার (১২ আগস্ট) বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর প্রভাবে গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার নিম্নাঞ্চলগুলোতেও বন্যার পানি প্রবেশ করেছে। নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য অবনতি হতে পারে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে। নদী তীরবর্তী বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা বিতরণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর