Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু আজ

রাবি করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১১:১৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১১:১৫

বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতাটি উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতাটি উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

এবারের প্রতিযোগিতায় মোট ২৩ টি ইভেন্ট রয়েছে। এর মধ্যে ৮টি নতুন। এই ইভেন্টে দুইটি গ্রুপে মোট ৫৮টি দল অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মধ্যে আজকের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘খেলাধুলা আমাদের নিয়ম মেনে লড়াই করতে শেখায়। একটি দল হারে আরকেটি দল জিতে ঠিকই কিন্তু লড়াই করে নিয়ম মেনে। পাশাপাশি খেলাধুলার আরেকটা শক্তি আছে, সেটা হচ্ছে দুই দলে ১১ জন করে খেলবে কিন্তু দর্শক সারিতে যারা আছে তারাও খেলোয়াড়দের সঙ্গে মনে মনে খেলবে। খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় সংহতি, ঐক্য এসব তৈরি করতে পারি।’

বিজ্ঞাপন

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘বিগত সময়ে আমরা খেলার মাঠকে কুরুক্ষেত্র হতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে অপদস্থ হতে দেখেছি। এসব আর দেখতে চাই না। আমাদের মাঝ থেকে পরাজয়ের মনোভাব হারিয়ে গেছে। আমরা শুধু জিততে চাই। আমি সকল খেলোয়াড়, দর্শক ও পরিচালকদের অনুরোধ করছি খেলাটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।’

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বলেন, ‘খেলাধুলাটা হচ্ছে মনের চর্চা। খেলার মাধ্যমে মানুষের মন প্রসারিত হয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ে। খেলোয়াড়দের অনুরোধ করব,তোমাদের মূল বিজনেস হচ্ছে পড়াশোনা। সুতরাং, খেলায় এতোটা সিরিয়াস হওয়ায় যাবে না যেন পড়ালেখার ব্যাঘাত ঘটে। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে।’

খেলাধুলা স্বাস্থ্যের মেরুদণ্ড উল্লেখ করে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের মেরুদণ্ড। আমরা যদি স্বাস্থ্য ঠিক রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই খেলাধুলা করতে হবে। কিন্তু আমাদের মাঝ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো বেশিরভাগ সময়ই জনশূন্য থাকে। শিক্ষার্থীদের বলব তোমরা যেখানেই যাও না কেন খেলাধুলার সঙ্গে যেন সম্পৃক্ত থাকতে পারো।’

আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক ও ক্রীড়া বিশ্লেষক শিরাজী ফেরদৌস ইমন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক‌সহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন ও সভাপতিরা।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার কোনো ইভেন্টে খেলোয়াড় বা দর্শক বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে সেই বিভাগকে আগামী এক বছর সকল ইভেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ