Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপুরায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:৩৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রামপুরায় রাস্তার পাশের পুরাতন দেয়াল ধসে জিসান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রামপুরা টিভি সেন্টার রোডের কুঞ্জবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জিসান মাদারীপুরের কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের মিরাজ হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে রামপুরার ওই এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি।

ঢাকা মেডিকেলে মৃত জিসানের মা ঝুমুর আক্তার জানান, সকালে জিসান ও দুই বছর বয়সি মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ির পাশে একটি হোটেলে নাস্তা আনতে যাচ্ছিলেন তিনি । দুই ভাইবোন রাস্তা দিয়ে খেলতে খেলতে যাচ্ছিল। এ সময় বাসা থেকে ২০০ গজ দূরে রাস্তার পাশের একটি পুরাতন প্রাচীর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পরে জিসান।

বিজ্ঞাপন

মৃত জিসানের মামা নয়ন সরদার জানান, দেয়ালটি বেশ পুরাতন। ইট নড়বড়ে হয়ে খসে খসে পড়ে। সেই দেয়ালটির পাশ দিয়ে সারাদিন গাড়ি, মানুষজন চলাফেরা করে। সকালে সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দেয়ালটি ভেঙে রাস্তার ওপর পড়ে। জিসান চাপা পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যায় জিসানের বোন এবং মা। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে জিসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জিসানে বাবা স্থানীয় একটি কারখানার শ্রমিক। আর মা গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে জিসান ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ