বাগেরহাট: নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় তাদের ট্রলার থেকে আহরণ নিষিদ্ধ বিপন্ন প্রজাতির ৯টি শাপলাপাতা মাছ (স্টিং রে), প্রায় দুই মণ অন্যান্য প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমানের নেতৃত্বে স্মার্ট টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক জেলেরা হলেন— পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল (৩০), মো. জাফর হাওলাদার (২৮), মো. দুলাল (৩৫), মো. বশির (২৮), মো. আসাদ (২৫) ও মো. ইব্রাহিম (৩৮)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মৎস্য অবতরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে মাছ ধরছিলেন। এর পাশাপাশি তারা বড়শি দিয়ে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছও ধরেছেন।
তিনি আরও বলেন, ‘আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। মামলার আসামিদের বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।’