Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনানী থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানী আবাসিক এলাকার একটি বাসা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে পুলিশ বনানী ৪৯ নম্বর বাসার ৯ নম্বর রোডের এফ ব্লকের একটি ছয়তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত মারিয়ার ফুফু নাজমা পারভীন জানান, তাদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার বিল্লাপাড়া গ্রামে। মারিয়ার বাবা বাহারুল ইসলাম একজন রিকশা চালক । মা মনিরা খাতুন গৃহিনী। তিন বোন এক ভাইয়ের মধ্যে মারিয়া ছিল বড়। গত দেড় বছর ধরে  সে গৃহকর্তা মোমিন আলী ও কত্রী জাহানারা আলীর বাসায় কাজ করতো। নাজমা নিজেও ওই বাসায় কাজ করেন।

বিজ্ঞাপন

নাজমা আরও জানান, মারিয়ার ছোট বোনকে কাজে দিতে চায় তার মা। কিন্তু মারিয়া তার ছোট বোনকে কাজে দিতে না করেন। এ বিষয় নিয়ে মারিয়ার সঙ্গে তার মায়ের কিছুদিন ধরে ঝগড়া চলছিল। এ কারণে বুধবার রাত ৯টার দিকে সবার অগোচরে ছয়তলা বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে নিজেরাই মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত বুধবার রাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় মরদেহটি মেঝেতে শায়িত অবস্থায় ছিল।

সারাবাংলা/এসএসআর/ইআ/আরএস