Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানুষের আস্থা ফেরাতে বিএনপিকে কাজ করতে হবে: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৮

‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ঝিনাইদহের ড্রিমভ্যালী অডিটরিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। ছবি: সারাবাংলা।

ঢাকা: মানুষের আস্থা ফেরাতে বিএনপিকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৯ জানুয়ারি) ঝিনাইদহের ড্রিমভ্যালী অডিটরিয়ামে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যায়।

তারেক রহমান বলেন, ‘দেশে দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। দেশের সাধারণ মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে আমাদের নেতা-কর্মীদের কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রকাঠামোর বিভিন্ন স্তরে জনবল নিয়োগ করা হবে। স্বৈরাচার হাসিনার কিছু দোসর দেশের ব্যাংক খাত লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে। আমরা ক্ষমতায় গেলে ব্যাংকিং খাতে অর্থনীতির নিয়মে সংস্কার করা হবে। যাতে দেশের অর্থনীতি মজবুত ও সুদৃঢ় হয়।’

তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেট প্রথা ছিল। বিএনপি এই সিন্ডিকেট প্রথা ভেঙে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য দেশীয় পণ্য বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবে। এ ব্যাপারে আমাদের পরিকল্পনার কথা আমরা অনেক আগেই জানিয়েছি। জনগণের সার্বিক কল্যাণে যা যা করা দরকার, আমরা সব কিছুই করার চেষ্টা করব। একটা কল্যাণ রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য।’

তারেক রহমান বলেন, ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকবে বিএনপি। দেশের জনগণ ভালো থাকলেই দেশ ভালো থাকবে— এই নীতিতে বিশ্বাস করে আমাদের দল।’

জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো