Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদানীর বক্তব্য দলের নয়, ব্যক্তিগত: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২২:১৭

ঢাকা: ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী গত ২৪ জানুয়ারি ‘কতল’ করা সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত বক্তব্য, দলের নয়।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলীয় অবস্থান পরিষ্কার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ২৪ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ উচ্চারণ করেছেন, যা ইসলামী আন্দোলনের বক্তব্য নয়, মাওলানা মাদানীর ব্যক্তিগত অভিমত। এ বক্তব্যের জন্য ইতিমধ্যে তিনি দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।’’

বিজ্ঞাপন

গাজী আতাউর রহমান বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের আইন মেনে এবং মানুষের মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘদিন ধরে গঠনমূলক রাজনীতি করে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের হৃদয় জয় করে জনমত গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই কারো ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে রং লাগিয়ে ব্যাখ্যা করে ইসলামী আন্দোননকে বিতর্কিত করার চেষ্টা করা অপ্রত্যাশিত।’’

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নগর সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিন বলেন, “দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে? … (আরবিতে কোরআনের আয়াত উল্লেখ করে) তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন- আল্লাহ কেন এই আয়াত নাজিল করল? আল্লাহ জানেন, তার কিছু বান্দা আছে এরা চতুস্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।’’

বিষয়টি গণমাধ্যমে আসার পর নিজের ভুল বুঝতে পেরে ২৭ জানুয়ারি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আজ বুধবার (২৯ জানুয়ারি) দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হল।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো