Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৩

তিস্তা পাড়ে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে আজ দুপুরে

ঢাকা: তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে আজ দুপুরে। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এ কর্মসূচির মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’। কর্মসূচি বাস্তবায়নে এরইমধ্যে তিস্তা পাড়ে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তারা।

রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হবে। সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা, রাত যাপন এবং খাবার তৈরি ও পরিবেশনের জন্য মহিপুরে বড় বড় তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু গণমাধ্যমকে বলেন, ‘‘তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো ব্যক্তি, গোষ্ঠি বা রাজনৈতিক দলের নয়। এটি রংপুর বাসীর আন্দোলন। এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তা পাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন রয়েছে। আশা করছি কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হবে।’’

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা পাড়ের সমাবেশে বক্তব্য দেবেন।

এছাড়া কর্মসূচিতে সংহতি জানাতে বিএনপির স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি আজ দুপুরে তিস্তাপাড়ে যাচ্ছেন।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ