রাজবাড়ী: রাজবাড়ী প্রধান ডাকঘরের সঞ্চয়ী ব্যাংকের গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা এবং সাবেক ট্রেজারার ও বর্তমান পোস্টাল অপারেটর প্রণব কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রবিবার (২৩শে আগস্ট) কুষ্টিয়া বিভাগীয় ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল(চলতি দায়িত্ব) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গত ২৩শে আগস্ট জারি করা ওই আদেশে বলা হয়, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা কর্তৃক গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা এবং সাবেক ট্রেজারার ও বর্তমানে পোস্টাল অপারেটর পদে কর্মরত প্রণব কুমার দায়িত্ব পালনে চরম অবহেলা এবং ডাক বিভাগের প্রচলিত বিধি-বিধানের পরিপন্থি কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, তাদের এ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর শামিল। এ অবস্থায় জনস্বার্থে সরকারি চাকরি আইন অনুযায়ী মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমারকে অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করা হলো।
আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমার রাজবাড়ী প্রধান ডাকঘরে সংরক্ষিত হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করবেন। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা সদর দফতর ত্যাগ করতে পারবেন না। এ সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট সবার কাছে চার্জ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের সঞ্চয়ী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে, খুলনা ডিভিশন কার্যালয় ও কুষ্টিয়া সার্কেল অফিস তদন্তসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে ডাকঘরের পক্ষ থেকে ৭ জন দায়ী করে রাজবাড়ীর বিশেষ জজ আদালতে মামলা করা হয়। আদালতের বিচারক মামলাটি এজাহারভ্ক্তু করে দুদক ফরিদপুরকে তদন্তের আদেশ দেন।
মামলার আসামিরা হলেন: রাজবাড়ী প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার ও অতিরিক্ত দায়িত্বে থাকা পোস্ট মাস্টার(বর্তমানে কুষ্টিয়া প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার) বিকাশ চন্দ্র বিশ্বাস, লেটার রাইটার শিহাব মৃধা, তার ছোট ভাই পিএলআই এজেন্ট মাহাবুব হাসান মৃধা, অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান, পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু এবং ট্রেজারার প্রণব কুমার সরকার।
এছাড়াও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে ১৩ জনের নাম উল্লেখ করে সদর আমলী আদালতে আরেকটি মামলা করা হয়। উক্ত মামলায় বিচারক সমন জারির আদেশ দেন।
এর আগে, অর্থ আত্মসাতের এই ঘটনায় গত ৪ঠা আগস্ট দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল(চলতি দায়িত্ব) কবির আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত রাজবাড়ীর প্রধান ডাকঘরের প্রাক্তন পোস্ট মাস্টার ও বর্তমানে কুষ্টিয়া প্রধান ডাকঘরে কর্মরত সহকারী পোস্ট মাস্টার বিকাশ চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯শে নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০শে জুন পর্যন্ত সময়ে রাজবাড়ী প্রধান ডাকঘরে ৯৪ জন গ্রাহকের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের টাকা জমা নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তা ও ফরম থাকা সত্ত্বেও লেটার রাইটার শিহাব মৃধা বেআইনিভাবে জমা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতো। এ কাজে পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র, শিহাবের ভাই মাহাবুব হাসান মৃধা, অফিস সহায়ক মামা রেজাউল আলমসহ অন্য আসামিরা সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাবেক পোস্ট মাস্টারসহ ৩ জন কর্মচারী সাময়িক বরখাস্ত হলেও, মামলার অপর ২ জন আসামি অফিস সহায়ক রেজাউল আলম ও তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান বরখাস্ত হননি।