Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে ২৫টি ক্যাডার কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৩:১৭ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩

পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিসিএস কর্মকর্তারা। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন ক্যাডার কর্মকর্তারা।

রোববার (২ মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে স্বাভাবিক কাজ বাধাগ্রস্থ হচ্ছে।

কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দফতরের সামনে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন।

তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসে কর্মরত ক্যাডারের কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য এ কর্মবিরতির আওতার বাইরে ছিলেন।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ দাবি করেছে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধানের দাবি জানিয়ে আসছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/এমপি