Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক মন্ত্রী আমুসহ পরিবারের ৪৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৮:৩২ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৪

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, – (ফাইল ছবি)

ঢাকা: সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৫৭৪ টাকা জমা আছে।

রোববার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ হওয়া হিসাবগুলোর মধ্যে আমির হোসেন আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি ব্যাংক হিসাব রয়েছে। এছাড়া তাদের সংশ্লিষ্ট জেরিকো নামে একটি কোম্পানির ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক রেজাউল করিম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ আমির হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট আমির হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন তাদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর করতে না পারেন, সেজন্য তাদের অস্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন। এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সারাবাংলা/ইউজে/আরএস