Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচিত সরকার না থাকায় সমস্যা বাড়ছে: আমির খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৪:২৯ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:৫৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: নির্বাচিত সরকার না থাকায় দেশের সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান তিনি।

আমির খসরু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে। নির্বাচিত সরকার না থাকলে পুলিশ বা প্রশাসন দিয়ে এসব সমস্যা সমাধান করা সম্ভব না। একটা নির্বাচিত সরকার থাকলে সবগুলো ডিপার্টমেন্ট ফাংশনাল হয়। যেটা অন্য কোনো সরকারের পক্ষে করা সম্ভব না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।’

‘আপনারা বিষয়টি বারবার বললেও সরকার বিষয়টি অনুধাবন করছে না কেন, নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না কেন?’— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ উত্তর তো আমরা দিতে পারব না। এ প্রশ্নের উত্তর অন্তর্বর্তী সরকার দিতে পারবে। আমরা শুধু এটুকু বলতে পারব, জনগণের নির্বাচনের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারের উচিত জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট হওয়া।’

ছাত্রদের নতুন দল সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। তবে এ ক্ষেত্রে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এনজে