Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫৫

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:২৪ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ২০:৩৯

ঢাকার বিভিন্ন স্থানে ডিএমপি’র পরিচালিত অভিযান

ঢাকা: ঢাকা মেট্রোপোলিটন পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তলেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে- ১১ জন ডাকাত, ৩৩ জন সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, নয়জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি, ১৭ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত সাতটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছোরা, একটি স্টিলের পাত, চারটি রড, ছয়টি বাশেঁর লাঠি, একটি সামুরাই, ছয়টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও একটি টমটম উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ২ হাজার ৪৪৯ পিস ইয়াবা ও আট লিটার মদ।

বিজ্ঞাপন

তলেবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। তন্মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে