Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৫:৩৯

অতিরিক্ত ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

রাজশাহী: রাজশাহী কলেজে অনার্সের ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা ফি কমানোর পাশাপাশি নেওয়া অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

বিজ্ঞাপন

কলেজ অধ্যক্ষ যুহুর আলী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কমানোর দাবি তুলেছেন, কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসা হবে।’

সারাবাংলা/এমপি