Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈষম্যবিরোধী ও সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২০:১১ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২০:১৩

জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা

ঢাকা: বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে নাহিদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়— আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে, সেই অবস্থায় নির্বাচন সম্ভব না। তবে আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।’

তিনি বলেন, ‘রয়টার্সের সাক্ষাৎকারের কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।’

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা ও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।’

সারাবাংলা/এমএইচ/এইচআই