ঢাকা: দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী গণপদযাত্রা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে শাহবাগ ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন’- ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের শিকার ভিকটিম বিছানায় কাতরালেও ধর্ষক বাহিরে ঘুরে বেড়ায়। রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াতেই ধর্ষক সাহস পাচ্ছে। পোশাক কখনও ধর্ষণের কারণ হতে পারে না বলেও মন্তব্য করেন তারা। তনু থেকে শুরু করে সকল ধর্ষণের বিচার করতে হবে। জড়িতদের বিচার প্রকাশ্যে করতে হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বানও জানান তারা।
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখনো ফ্যাসিবাদের আমলের মতোই কাজ করছে। বায়তুল মোকাররমের সামনে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল হয়, সেখানেও প্রশাসনের গড়িমসি। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি ফ্যাসিবাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, তাহলে আমরা আর এক বিন্দুও সহ্য করব না। আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি। আবার জুলাই ডেকে আনবেন না।’
আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল ফেসবুকে কত লেখালেখি করতেন। কিন্তু এখন তিনি রাষ্ট্রীয় দায়িত্বে থেকেও কোথায় বিচার! যদি আপনি জুলাইয়ের খুনিদের, এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারেন তাহলে দয়া করে পদত্যাগ করবেন।’
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, ‘এ দেশে ততদিন নারী দিবস পালন হবে না যতদিন না আছিয়ার মতো ধর্ষণের শিকার নারীরা বিচার পাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের দষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আছিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় শাখা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।