Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, দাদি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১২:৫৮

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা-পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধায় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শাহাদাৎ মোল্যা (৩) উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ তার মাকে বিয়ে করেন। জানা যায়, তার দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাতের মায়ের সঙ্গে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সব জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তির মাইকিং করা হয়। সন্ধায় হারানো বিজ্ঞপ্তির মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎকে তার দাদির সঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎকে মাটিতে পুতে রাখা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি