Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১০:১৩

নওগাঁ: সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ নওগাঁয় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাই উপজেলায় এসে পৌঁছায়।

এর আগে, এদিন বিকেল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

নিহত সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এক সঙ্গে সাতজনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

মরদেহগুলো আত্রাইতে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মরদেহগুলোকে একনজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মারা যান। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে ৯ জন মৃতব্যক্তির পরিচয় শনাক্ত করেছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘নিহতের পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর সাত জনের মরদেহ এসেছে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, ‘সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া যায়। বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর