Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৯:১৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:১৬

উদ্ধার নবজাতক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টাখেত থেকে এক নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে রেখেছে।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, পাশের মরিচখেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টাখেতে নবজাতকটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন এবং স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়। শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নবজাতক শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালনপালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পরিচয় শনাক্ত করতে তদন্ত চলছে। ইতোমধ্যে নবজাতক শিশুটিকে নেওয়ার জন্য প্রায় ২০-২৫ জন মানুষ প্রস্তাব দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সারাবাংলা/এইচআই