ঢাকা: গুমের শিকার ব্যক্তিদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস (৩০ আগস্ট) উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের সব গুমের শিকার ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে বাংলাদেশে বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম শুধু একজন মানুষকে তার পরিবার ও সমাজ থেকে অদৃশ্য করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং জীবনের অধিকারের ওপর নির্মম আঘাত। বছরের পর বছর প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা, তাঁর ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তা এবং সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা কোনো পরিবারের বহন করা উচিত নয়।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত স্তব্ধ করার একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ বহু মানুষ এর শিকার হয়েছেন। অনেক পরিবার আজও জানে না তাদের প্রিয়জন কোথায়, কী অবস্থায় আছেন কিংবা আদৌ ফিরে আসবেন কি না।
রিজভী বলেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কোনো সংস্থা যেন আর কখনো নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায় রাখতে হবে। রাজনৈতিক পরিচয় বা মতভিন্নতার কারণে কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা যেন বিপন্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—আর কোনো গুম নয়, আর কোনো পরিবারকে অনন্ত অপেক্ষায় থাকতে হবে না।’
যারা এখনও নিখোঁজ, তাদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ এবং যারা ফিরে এসেছেন, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। একই সঙ্গে যারা আর কখনো ফিরে আসবেন না, তাঁদের পরিবার যেন সত্য, স্বীকৃতি ও বিচার পায়, রাষ্ট্রকে তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাণীতে রুহুল কবির রিজভী বলেন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে থাকবে।