Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৯:৫০

জেলা কারাগার পটুয়াখালী। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

কারাগার সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) রাতে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পাওয়ায় তার সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে শাজিদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সহকর্মীদের ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হতে তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় কারাগারের সহকর্মী, পরিবার এবং সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো