ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি।
রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি মো. হাবিবুল গনি দীর্ঘদিন ধরে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তার জন্ম ১৯৬২ সালের ৩১ মে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
হাইকোর্টে দায়িত্ব পালনকালে তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলার শুনানি করেছেন। বিভিন্ন সময়ে ফৌজদারি আপিল, জামিন, রিভিশন, মৃত্যুদণ্ডের রেফারেন্সসহ গুরুত্বপূর্ণ মামলার বিচারিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
এ ছাড়া বিচারপতি হাবিবুল গনি আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেছেন।