Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ০০:০৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১০:৪১

সাবেক এমপি ডা. আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জামিনে কারামুক্ত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজকে মারধর করে থানায় সোপর্দ করেছে ছাত্র-জনতা। সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় তিনি কারাগারে ছিলেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ কারা ফটকের সামনে আব্দুল আজিজকে মারধর করে ছাত্র-জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় আবদুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ আজ ছাড়া পেয়েছেন- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। এর পর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

সারাবাংলা/পিটিএম