Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৫৩

ঢাকা: ১৮০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রথম মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

বিজ্ঞাপন

দ্বিতীয় মামলায় স্ত্রী মর্জিনা ওদুদ ও তার স্বামী মো. আব্দুল ওদুদকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৪২ লাখ ১৬ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস