Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:১০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪১

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই জরিমানাসহ আবারও শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সময়সূচিতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল-রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

ব্যবহারিক বিষয়-সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

সারাবাংলা/এনএল/এইচআই