Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে: সাদা দল

ঢাবি করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৩:০৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

ঢাবির অপারেজয় বাংলার পাদদেশে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করে সাদা দলের সদস্যরা। ছবি: সারাবাংলা

ঢাবি: ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন অঞ্চলে অবিলম্বে গণহত্যা ও জবরদখল বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাবির অপারেজয় বাংলার পাদদেশে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করে সাদা দলের সদস্যরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক বলেন, ‘পৃথিবীতে যদি আইন বলে কোনকিছু থাকে তাহলে ইসরায়েলের এই আক্রমণ চলতে পারে না। আন্তর্জাতিক আইনের এমন কোন ধারা নেই যা ইসরায়েল লঙ্ঘন করেনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন এখন মূল্যহীন হয়ে গেছে এই যুদ্ধের কারণে। যুদ্ধেরও নিয়ম আছে, সেখানে যুদ্ধের কোনো নিয়ম মানা হচ্ছে না। সেখানে শিশুদের আক্রমণ করা হচ্ছে, নারীদের আক্রমণ করা হচ্ছে। তাই আমরা অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ চাই।’

বিজ্ঞাপন

সাবেক উপাচার্য ইউসুফ হায়দার বলেন, ‘শুধু ওপেকভুক্ত দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে এই যুদ্ধ বন্ধ না করলে আমরা পাশ্চাত্যে তেল পাঠাবো না। তাহলে মুহুর্তেই এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘মিডল ইস্টের কোনো কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। মুসলমানরা যদি মুসলমানদের পাশে না দাড়ায় তা খুবই দুঃখজনক।’

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, গত আট দশক ধরে ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েলরা। যার জন্য আমাদের প্রতিবাদ জানাতে হবে, তবে শুধু প্রতিবাদ জানালে হবে না। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য সেখানে যাবো।

সারাবাংলা/এআইএন/এমপি