Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৬:০২

ঢাকা: আগামী মে মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জুন মাসের ভিতরে ডাকসু নির্বাচন চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অন্যথায় তারা ডাকসু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করবেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় ডাকসুর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের একটি অন্যতম কমিটমেন্ট ছিলো ডাকসু নির্বাচনের পাশাপাশি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবে ডাকসু নির্বাচন না দেওয়ার পায়তারা চলছে। অতীতে ক্ষমতাকেন্দ্রিক, পেশিশক্তি ও কালোটাকার রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন দেওয়া উচিত।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের পক্ষে কথা বলে। দীর্ঘ ২৮ বছর পরে যখন ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল তখন ছাত্রলীগের হামলা ও ভোটকারচুপির পরেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচনে জয়লাভ করেছিল।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সংস্কার চায়, পরিবর্তন চায়। দলীয় দাসত্ব, পশুত্বের হাত থেকে মুক্তি চায়।

তিনি আরও বলেন, ‘দেশের সবচেয়ে মেধাবী শিক্ষর্থীরা নিরলস পরিশ্রম করার পরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। তবে বিগত ছাত্রলীগের আমলে দেখা যায় তারা ভালো মানের খাবার পায় নাই। শান্তিতে ঘুমাতে পারে নাই। ভালো মানের ট্রান্সপোর্টেশন ও লাইব্রেরী সুবিধা পায় নাই।তাই শিক্ষার্থীদের অধিকার আদায়, বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতিমুক্ত গবেষণামুখী ও একাডেমিক করার জন্য ডাকসু নির্বাচনের কোন বিকল্প নাই।’

এ সময় বলা হয়, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তিতে মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন এবং মাঝামাঝি সময়ে ভোটার হালনাগাদ করার ঘোষণা দেন। কিন্তু এতে কোন সুনির্দিষ্ট টাইফ্রেম দেওয়া হয়নি। ফলে তারা মনে করেন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল ও নির্বাচন বানচালের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি করছে। যা অতীতেও লক্ষ্য করা যেত। এমনকি দেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক মহল বলছে জাতীয় নির্বাচনের আগে ডাকসু দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনের জন্য নাকি প্রয়োজনীয় সংস্কার লাগবে। এটিকে তারা নির্বাচন বানচালের পায়তারা বলে দাবি করছেন।

সবশেষে বাংলাদেশ জাতীয় অধিকার পরিষদ থেকে বলা হয় যে, তারা মে মাসের মধ্যে নির্দিষ্ট টাইমফ্রেম এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচন চান। যদি কোনো মহল ডাকসু নির্বাচন বানচালের পায়তার করে, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও যদি এমনি করে তাহলে উভয়ের বিরুদ্ধে শক্ত আন্দোলনের ডাক দিবেন তারা।

সারাবাংলা/এআইএন/এমপি