ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ টান দেওয়ার ঘটনায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর মামলায় গ্রেফতার তিন সন্দেহভাজন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান আদালতে আসামিদের হাজির করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত সহযোগীদের শনাক্ত এবং মূল হোতাদের গ্রেফতারের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামি পনির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আমির উদ্দিন আমিরসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরলে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
গত ২৯ আগস্ট ভোরে স্বামী মো. আবদুল মতিনকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তিনি। সকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বামী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ অর্থ এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।