Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিত্রশিল্পী মানবেন্দ্র’র বাড়িতে আগুন: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২৩:৫৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১০:১৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পহেলা বৈশাখে মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র’র বাড়িতে আগুন দেওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি শাস্তি চান।

সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে পহেলা বৈশাখে স্বৈরাচারের মোটিফ প্রদর্শিত হয়েছে। এটা একটা রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যারা এসব মোটিফ নির্মাণ করেছে তারা কেবলই শিল্পী হিসেবে কাজ করেছে। কিন্তু, আওয়ামী লীগের চরিত্র এতটাই হিংস্র ও অসহিষ্ণু যে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের জন্য অপরাধী সাব্যস্ত করে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এটা একজন শিল্পী ও একজন সংখ্যালঘুর সাথে নির্মমতার নিকৃষ্ট দৃষ্টান্ত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজনীতিতে নোংরামী যুক্ত করেছে আওয়ামী লীগ। শিল্পকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। পতিত স্বৈরাচারই দেশের হিন্দুদের প্রতি সবচেয়ে বেশি নির্মমতা করেছে এবং অবিরাম মিথ্যা বলে তার দায় ইসলামপন্থী ও বিরোধী রাজনৈতিক শক্তির ওপরে চাপিয়েছে। তাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে কোনো হিন্দু অবস্থান নিলে আওয়ামী লীগ তার সাথে কত নির্মম আচরণ করতে পারে, তার দৃষ্টান্ত হয়ে থাকবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।’

অবিলম্বে এই সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘অতীতের কিছু ঘটনায় এই ধারণা জন্ম নিচ্ছে যে, পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের ওপরে গুপ্ত হামলা করে তাদের জান-মালের ক্ষতি সাধন করছে পতিত ফ্যাসিবাদের অবশিষ্টাংশ। এই প্রবণতা অব্যাহত থাকলে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাবে। তাই রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে হলেও এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো