Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণহত্যা: আনিসুল সালমান-দিপুমনিসহ ১৯ জন ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১১:১১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:২১

বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এসব আসামির শুনানি হবে।

আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সাংসদ শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক এমপি সোলাইমান সেলিম, এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সতর্ক ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। প্রায় সবাইকেই তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর ছিলেন।এছাড়া আসামিদের দেখতে ট্রাইব্যুনালের সামনে তাদের স্বজনরা আসেন।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজিরের আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৮ নভেম্বর ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো