Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কাফন মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:১১

কুয়েট শিক্ষার্থীদের কাফন মিছিল

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে কফিন মিছিলটি বের হয়। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ সহকারে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে কাফন মিছিল শেষ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ২ মে থেকে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।

১৫ এপ্রিল শিক্ষার্থীরা উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দেন। ঘোষণার পর আন্দোলনকারীরা কুয়েটের ছেলেদের ছয়টি হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান নেন। ১৯ এপ্রিল বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী গদিতে আগুন জ্বালানোর কর্মসূচি পালন করেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে হল খুলে দেওয়া হয়েছে। দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো