Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে রাখতে ফের দাবি জানাল জামায়াত

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার প্রস্তাব বাদ দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির মতে, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক ও বৈষম্যমূলক।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎বৈঠকে অন্যান্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, আবদুর রব, সংসদ সদস্য নাজিবুর রহমান এবং জামায়াত নেতা ইয়াসিন আরাফাত।

‎বৈঠক শেষে গোলাম পরওয়ার জানান, গত ২৯ জুলাই সিইসির সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ফলোআপ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসি এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকারের কাছে যে সুপারিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে, জামায়াত তার তীব্র বিরোধিতা করেছে।

‎তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকেরা রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন। এমনকি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও শিক্ষকেরা প্রার্থী হয়েছেন। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় সরকার (যেমন: ইউনিয়ন পরিষদ) নির্বাচনে বাধা দেওয়া সংবিধান ও আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসির এই সুপারিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানো হতে পারে।’

‎এছাড়া বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এ সময় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পদধারী কোনো ব্যক্তি যেন স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারেন, সে দাবি জানানো হয়েছে।

‎সেইসঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে নিয়োজিত প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে। জামায়াতের মতে, তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করলেও প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয়। এছাড়া ইসির অতিরিক্ত সচিব সামসুল আলমের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

‎এসময় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, ‘ইসি আমাদের কিছু প্রস্তাবের বিষয়ে ইতিবাচক হলেও অনেক ক্ষেত্রে তাদের সরকারের চাপের মুখে অসহায় মনে হয়েছে। তবে আমরা আশাবাদী, একটি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবে।’

‎এক প্রশ্নের জবাবে জোটগত নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার স্পষ্ট করেন, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতিটি দল নিজ নিজ প্রতীক ও প্রার্থী নিয়ে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর