Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৫৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চাইনিজ গভর্নমেন্ট অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে নির্বাচন এবং দেশের বর্তমান পরিস্থিতি কী, আমরা সেটা তাদেরকে ব্রিফ করেছি।

শনিবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করেছেন রিগার্ডিং ইলেকশন, এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আজকের বৈঠকটি ছিল চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির অর্থাৎ বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির। আমাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক অনেক পুরনো।’

বিজ্ঞাপন

‘মাঝখানে ১৫ বছর ওই যোগাযোগটা ছিল না। কারণ, ফ্যাসিস্ট সরকার সেটা এলাউ করেনি। এখন আবার সেটা রিভাইভ করেছি। ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কী আশা করছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা (চীন) সবসময় আাশা করে বাংলাদেশের স্টেবেলিটি। তারা একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় এবং দেশে একটা ডেমোক্রেটিক অ্যানভারোমেন্ট দেখতে চায়।’

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে আজকে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকে অত্যন্ত ফলোপ্রসু হয়েছে। আমরা দুই দেশের সম্পর্কের বিষয়ে নিয়ে আলোচনা করেছি। দুই দলের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে, কীভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান পেং জিউ বিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন চেন জুয়ানবো, চেন ইয়াংপেই, ঝাং গুইউ।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবীর, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

আরো