চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলে(বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফটিকছড়িতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফটিকছড়ির সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে রাজঘাটে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে রাজঘাটে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলের আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সরোয়ার আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস।দলের প্রতিটি নেতাকর্মীকে সেই চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিবিরহাট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।