Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোপা ডেল রে / নাটকীয় ফাইনালে রিয়ালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ০৪:৫৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১০:৪৬

কোপা ডেল রের শিরোপা জিতল বার্সা

দুই দলের মুখোমুখি হওয়া মানেই যেন ধ্রুপদী এক লড়াই। কোপা ডেল রের ফাইনাল আবারও প্রমাণ করল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচকে কেন বলা হয় ‘এল ক্লাসিকো’! নাটকীয় এক ফাইনালে অতিরিক্তি সময়ের অন্তিম মুহূর্তের গোলে রিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জিতল বার্সা।

এস্টাডিও লা কার্টুজায় ম্যাচের প্রথম ভাগে দাপট ছিল বার্সার। প্রথমার্ধে কাতালানদের কাছে পাত্তাই পায়নি রিয়াল। একের পর এক আক্রমণে বিপর্যস্ত রিয়াল শুধু গোলটাই হজম করেনি।

অবশেষে ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন পেদ্রি। লামিন ইয়ামালের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান পেদ্রি। ৩৫ মিনিয়ে বেলিংহামের গোলে ম্যাচে সমতা ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ৪৫ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ, সেটাও বাতিল হয়েছে অফসাইডের কারণে। ১-০ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রথমার্ধে ধুঁকতে থাকা মাদ্রিদ চড়াও হয় বার্সা রক্ষণভাগের ওপর। ৭০ মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে। ফ্রি কিক থেকে গোল করে রিয়ালকে স্বস্তি এনে দেন তিনি।

৭৭ মিনিটে বার্সাকে স্তব্ধ করে ম্যাচে লিড নেয় রিয়াল। গুলারের বাড়ানো বলে গোল করেন চুয়ামেনি। রিয়াল তখন শিরোপা জয়ের পথে। তবে ম্যাচের নাটক তখনো বাকি। ৮৪ মিনিটে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ফেরান তোরেস।

যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সা। তবে ভিএআরের সাহায্য নিয়ে রাফিনহার সেই পেনাল্টি বাতিল করেন রেফারি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম ভাগে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও আসছিল না গোল, ম্যাচ এগিয়ে যাচ্ছিল টাইব্রেকারের দিকে। ঠিক সেই মুহূর্তে কুন্দে ম্যাজিক। ১১৬ মিনিটের মাথায় চোখ ধাঁধানো এক শটে গোল করে বার্সায় শিরোপা নিশ্চিত করেন কুন্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে কোপা ডেল রের ট্রফি জিতল বার্সা।

এটি বার্সার রেকর্ড ৩২তম কোপা ডেল রে শিরোপা। এই জয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে একধাপ এগিয়ে গেল কাতালানরা।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো