Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১১:২৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৩:০৯

গ্যাস লিকেজ বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম তাসলিমা আক্তার (৩০)। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন দুই জন।

মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

তিনি জানান, তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার ওই রাতেই তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে পারভিন ৩২ শতাংশ, আইয়ান ২৮ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

এর আগে, গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

মৃত তাসলিমার স্বামী হোসেন আলী জানান, স্বামী স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করতেন। তাসলিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে চাকরি ছেড়ে বাসায়ই থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। তাদের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধারাপানি গ্রামে। ঘটনার দিন তাসলিমা ও তার মেয়ে তানজিলা বাসায় ছিলেন। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে তারা দুজনই পুড়ে যান।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসাটিতে রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো